বখাটের হুমকিতে শাহনেয়ামতুল্লাহ্ কলেজছাত্রীর আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহীবাগ এলাকায় আফসানা মিমি আঁখি (২০) নামে এক কলেজছাত্রী সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত কলেজছাত্রী আঁখি শাহীবাগের মো. আইয়ুব আলীর মেয়ে। তিনি শাহনেয়ামতুল্লাহ্ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
অভিযোগ উঠেছে স্থানীয় এক বখাটের হুমকিতেই ওই কলেজছাত্রী অত্মহত্যা করেছেন। পুলিশ বলছে- মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ আত্মহত্যার পেছনে কোন রহস্য আছে কি-না সেটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
নিহত আঁখির ভাই সেলিম জানান, শহরের রামকৃষ্টপুরের রিমন নামে এক বখাটে আমার বোনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। বোরবার মার্কেটে আসলে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। দুপুরের দিকে মোবাইল ফোনেও আঁখিকে হুমকি দেয় রিমন। সেই ক্ষোভে তার বোন আত্মহত্যা করেছে বলে জানান সেলিম।
আঁখির পরিবার ও স্থানীয়রা বলছেন, ঘটনার দিন সকালে বাড়ি থেকে বের হন আঁখি। দুপুরে বাড়ি ফিরে এসে কান্নাকাটি করে এবং মোবাইল ফোনে রিমন নামে এক যুবক তাকে গালিগালাজ করছে বলেও তার মাকে জানান আঁখি। এক পর্যায়ে তিনি ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলে যান।
এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, রোববার দুপুর পৌনে ২টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে যান আঁখি। সেখানেই তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ আত্মহত্যার পেছনে কোন রহস্য আছে কি-না সেটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।



কোন মন্তব্য নেই