চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত আহত ২জন।

 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন রাজশাহী জেলার হাতনাবাদ এলাকার মাসরুফা বেগম (২২) এবং তার বোন খাদিজা সাথী (১৫)। আহতরা হলেন সেনা সদস্য ও মারুফার স্বামী রজব আলী (২৯) ও তাদের আড়াই বছরের শিশুকন্যা রাইসা খাতুন।


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, সোনামসজিদ মহাসড়কের টোলপ্লাজার সামনে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক দেখে গতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে ছিটকে পড়ে যান রজব আলী। এ সময় ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী মাসরুফা ও শ্যালিকা খাদিজা সাথী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন রজব আলী ও তার শিশুকন্যা রাইসা খাতুন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান এবং রজব আলী ও তার শিশুকন্যাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


ওসি আরও জানান, রজব আলী পেশায় একজন সেনা সদস্য। তিনি ঢাকা সেনানিবাসে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ১০ দিনের ছুটিতে বাড়িতে আসেন।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.