বৃদ্ধ মায়ের মাথা গোঁজার স্থায়ী ঠিকানার ব্যবস্থা করে দিল র্যাব-৫
চাঁপাইনবাবগঞ্জে ৮ লাখ টাকা চুরির অপবাদ দিয়ে নিজ বাড়ী থেকে বের করে দেয়া এক মাকে বাড়ীতে পৌঁছে দিয়েছে র্যাব-৫ সিপিসি-১।
সোমবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এএসপি আজমল হোসেন নেতৃত্বে একটি দল বৃদ্ধা নুরজাহান বেগমকে মেয়ে ও তার জামাইয়ের হেফাজতে দিয়ে আসেন।
গণমাধ্যমে সংবাদে প্রকাশিত হবার পর র্যাব-৫ বিষয়টি আমলে নিয়ে বৃদ্ধাকে বাড়িতে উঠিয়ে দিয়ে আসেন। এছাড়াও আগামীতে বৃদ্ধার যাতে কোনরকম অসুবিধা না হয় সে বিষয়ে মেয়ে ও তার জামাইকে অনুরোধ করেন আজমাল হোসেন।
এ বিষয়ে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের কমান্ডার আজমাল হোসেন বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি দেখার পর র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক এডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান আমাকে বিষয়টি দেখার নির্দেশ দেন। সেই মর্মে আমরা বৃদ্ধা মা নুরজাহানকে বাড়ীতে উঠিয়ে দিয়ে এসেছি। নুরজাহানের নাতি সেনা সদস্য মেরাজ তার দায়িত্ব নিয়েছে। পরবর্তীতে বৃদ্ধার বিষয়টি আমাদের নজরদারীতে থাকবে বলে জানান আজমাল হোসেন।
উল্লেখ্য, ৩০ ও ৩১ আগষ্ট বেশ কিছু পত্রিকায় ”৮ লাখ টাকা চুরির অপবাদ দিয়ে মাকে বাড়ি ছাড়া করেছে মেয়ে” সংবাদটিতে, নুরজাহান বেগমের চার মেয়ে স্বামী ২২ বছর পূর্বে মারা গেছেন । কোন ছেলে না থাকায় এক অসহায় ছেলের সাথে ছোট মেয়ে মনোয়ারার বিয়ে দেন।
এরপর দেড় বিঘা জমি বিক্রি করে মেয়ে জামাইকে বিদেশে পাঠায় নুরজাহান বেগম। বাকী থাকে ভিটামাটি ৬ কাঠা আর দুই বিঘা জমি।
আজীবন দেখে রাখবে শর্তে ছোট মেয়ে মনোয়ারা আর জামাই দুরুল হোদা কৌশলে বৃদ্ধার ভিটেমাটি আর জমি হাতিয়ে নেয়। কিন্তু জমি হাতিয়ে নেয়ার পর থেকে বৃদ্ধার উপর শুরু হয় অত্যাচার। এরপর একপর্যায়ে তাকে ঘর থেকে বের করে দেয় মেয়ে ও মেয়ে জামাই।

কোন মন্তব্য নেই