সিলেটে ‘সিগারেট’ থেকে দোতলা ভবনে ভয়াবহ আগুন
‘সিগারেট’ থেকে দোতলা ভবনে ভয়াবহ আগুন
সিলেটে ‘সিগারেটের’ আগুন থেকে একটি দুইতলা বাসায় ভয়াবহ আগুনে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে সিলেট নগরের দাড়িয়াপাড়ার প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মামার বাড়ির বিপরীতে মেঘনা এ/২১ নম্বর নুরন্নেছা ভবনে এ আগুন লাগে।
এ বাসার একটি অংশে পাঁচভাই রেস্তোরাঁর কর্মচারীরা ভাড়া থাকতেন। অপর অংশ ইভেন্ট ম্যানেজমেন্টের গোডাউন ছিল। বাসাটির দুইতলায় সংস্কার কাজ চলছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত না হলেও আবাসিক ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সিলেট স্টেশনের সহকারী পরিচালক মো. কোবাদ আলী সরকার জানান, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের গুদাম সংস্কার করে বাসা তৈরির কাজ চলছিল।
তিনি বলেন, ‘সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’
কোবাদ আলী সরকার বলেন, তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজে না লাগলে বড় দুর্ঘটনা ঘটে যেত। ফায়ার সার্ভিসের চেষ্টায় আশপাশের মানুষ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এ সময় আশপাশে উৎসুক জনতা ভীড় করলে নগর পুলিশকে পরিস্থিতি সামলাতে যথেষ্ট বেগ পোহাতে হয়।
সিলেট ফায়ারসার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা যীশু তালাকদার জানান, দাঁড়িয়াপাড়ার মেঘনা বি/২১ নম্বর নুরন্নেছা ভবনে রাত ৮টার দিকে আগুন লাগে। বাসাটি ভাড়া নিয়েছে নগরের পাঁচভাই রেস্ট্যুরেন্ট কর্তৃপক্ষ। সেখানে রেস্ট্যুরেন্টের কর্মচারীরা থাকেন।
যীশু তালাকদার বলেন, রাত ৮টা ১০ মিনিটে আমরা খবর পাই। খবর পেয়েই ফায়ার সার্ভিসের সিলেট স্টেশনের অগ্নিনির্বাপক গাড়ি ও একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা চালায়। পরে তাদের সঙ্গে আরও দুইটি টিম যোগ দেয়।
বাসার মালিক গৌছুল আলম বলেন, এই ফ্লোর আগে ইভেন্ট ম্যানেজমেন্ট ও ডেকোরেশনের গুদাম ছিল। গত তিন মাস থেকে তা বন্ধ ছিল। তাই নতুন করে ভাড়া দেয়ার জন্য বাসার ওই অংশটি বসবাসের উপযোগী করতে মেরামতের কাজ চলছিল। কিভাবে আগুন লেগেছে, তা তিনি বলতে পারেননি। তবে এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

কোন মন্তব্য নেই