১৫ আগস্টের টার্গেট বঙ্গবন্ধু, ২১ আগস্টের টার্গেট শেখ হাসিনা: সেতুমন্ত্রী
![]() |
| ছবি : সংগৃহীত |
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট আর ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাঁথা।৭৫-এর ১৫ আগস্ট টার্গেট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ২১ আগস্ট টার্গেট ছিলেন শেখ হাসিনা।
আজ (সোমবার) একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান যদি খুনিদের আশ্রয়-প্রশ্রয় না দিতেন, বিদেশি দূতাবাসে খুনিদের চাকরি দিয়ে তাদেরকে পুরস্কৃত না করতেন, মোশতাকের বেনিফিশিয়ারি হিসেবে প্রধান সেনাপতি না হতেন, তাহলে ইতিহাস হয়তো অন্যরকম হতো। খুন যে করে আর খুনিদের যে আশ্রয় দেয় এবং পুরস্কৃত করে তারা একই অপরাধী।
তিনি আরও বলেন, একুশে আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হলেন হাওয়া ভবন থেকে তারেক রহমান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা তো অনেক বার ক্ষমতায় এসেছেন কিন্তু আপনারা কি জিয়া হত্যার বিচার করেছেন বা একবারও কি জিয়া হত্যার বিচার দাবি করেছেন? চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত জিয়ার খুনের নিন্দা জানিয়েছিলাম আমরা।
আওয়ামী লীগ হত্যা-খুনের রাজনীতি বিশ্বাস করে না এবং প্রশ্রয়ও দেয় না। এই কারণে জিয়াকে নিয়ে প্রশ্ন থাকলেও আমরা তার হত্যার জন্য নিন্দা জানিয়েছিলাম। জিয়াউর রহমানের মৃত্যু হলো, চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তার লাশ ঢাকায় এলো, জানাজা হলো। কিন্তু মৃত অবস্থায় তার একটা ছবি কি আপনারা দেখাতে পারবেন?

কোন মন্তব্য নেই