বিএনপির এমপি হারুনের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ -চাঁপাই প্রতিদিন২৪


সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কোনোরকম টেন্ডার ছাড়াই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের লাগানো এসব গাছ কেটে নিয়েছে তার লোকজন।

২০০৬ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার দক্ষিণ শহর এলাকার সরকারি রাস্তার দুইধারে অসংখ্য অর্জুন ও মেহগনি গাছ লাগায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, টেন্ডার ছাড়াই চলতি বছর সংসদ সদস্য হারুনুর রশীদের লোকজন গাছগুলো কেটে নিয়ে গেছেন। জনপ্রতিনিধির এমন অবৈধ কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয়রা জানান, সংসদ সদস্য অন্যায় করছেন এবং দেশের সম্পদ নষ্ট করছেন। গাছ কাটায় সড়কের সৌন্দর্য নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।



যদিও সংসদ সদস্যের দাবি, নিজের জমিতে লাগানো গাছই কেটেছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ হারুনুর রশীদ টেলিফোনে বলেন, 'গাছগুলো আমার জমিতে লাগানো গাছ, এটা রাস্তার বা সরকারি গাছ না।'

এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হলেও এখনও কোনো অগ্রগতি নেই। ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার বিষয়ে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। গাছগুলো অবৈধভাবে কাটা হয়েছে জানিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।



চাঁপাইনবাবগঞ্জ বিএমডিএ'র উপ-সহকারী প্রকৌশলী শামসুল আরিফিন বলেন, '৫০ থেকে ৬০টির মতো গাছ কাটা হয়েছে, তবে যারাই কাটুক এটা অবৈধ।' ঘটনার তদন্ত করে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শামসুল আরেফিন।

চাঁপাইনবাবগঞ্জ বিএমডিএ'র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, যারাই গাছ কাটুক না কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।



এ ঘটনায় বিএমডিএ সাধারণ ডায়েরি করায় বেশকিছু গাছ জব্দ করেছে পুলিশ। আর মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.