গোপালগঞ্জে চালকের গলা কেটে ভ্যান ছিনতাই
গোপালগঞ্জে গলা কেটে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেন।
এ ঘটনায় পুলিশ ছিনতাইকারী কোটালীপাড়া থানার মাঝবাড়ি গ্রামের ওমর কাজী (২২) ও সোহেল দাড়িয়া (৩২), কাশিয়ানির কলসী ফুকরা এলাকার রবিউল ও গোপালগঞ্জের মেরী গোপিনাথপুরের হানিফকে(২৮) গ্রেপ্তার করেছে। আসামিরা আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ছানোয়ার হোসেন জানান, কোটালীপাড়া উপজেলার ব্যাটারিচালিত ভ্যানচালক শরিফুল খানকে ৩০০ টাকায় ভাড়া করে গোপালগঞ্জ নিয়ে আসে আসামিরা। এরপর শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি চাকু কিনে চাচাত ভাই সোহেলের ভাড়া বাসায় গিয়ে ভিকটিম শরিফুলসহ তিনজনকে গাঁজার আসরে বসিয়ে ওমর ও সোহেল ভ্যানের তালা ভেঙে ভ্যান চুরির চেষ্টা করে ব্যর্থ হয়।
এরপর শরিফুলকে নিয়ে রাত ১০টার দিকে গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় ওমর। মাঝবাড়ী বাজারের কাছে পৌঁছলে শরিফকে খুন করে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ওমর তার কোমরে থাকা ছুরি দিয়ে শরিফের গলায় পোছ মারে (আঘাত করে)। শরীফ ভ্যান থেকে পড়ে যায় এবং মারা গেছে মনে করে ওমর ভ্যান ছিনতাই করে নিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক শরিফুল খানকে ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই