মৌসুমী ফলে ভরে উঠেছে রাঙামাটির হাট-বাজার- চাঁপাই প্রতিদিন২৪


মৌসুমী ফলে ভরে উঠেছে রাঙামাটির পাহাড়ের হাট-বাজারগুলো। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া এবার অনুকুলে থাকায় ফলন ভালো হয়েছে। আর ফলন বেশী হওয়ায় দামও কিছুটা কম বলছেন বাগানিরা।

কাঁঠাল, আনারস, আম ও কলার ভরা মৌসুম চলছে। পাহাড়ের বাজারগুলোতে এখন এই সব ফলের রাজত্ব। নৌ ও সড়কপথ দিয়ে বাজারে চাষিরা নিয়ে আসছেন এই সব রঙিন সুস্বাদু ফল।

বিষমুক্ত এসব ফল আকারে যেমন বড় স্বাদেও তেমনি মিষ্টি। দামে কম পাওয়ায় পাহাড়ি ফলের বাজারে ভিড় করেছে ব্যবসায়ীরা। জেলা কৃষি বিভাগের দাবি, পাহাড়ের অনেকে ফল চাষে আগ্রহী হওয়ায় উৎপাদন বেড়েছে। এর পাশাপাশি এসব ফলের বাজারকে ঘিরে সৃষ্টি হয়েছে বহু মানুষের কর্মসংস্থানও।

লকডাউনের কারণে বিদেশী ফল আমদানি বন্ধ থাকায় বেড়েছে দেশীয় ফলের চাহিদা। আর এই জন্য পাহাড়ে উৎপাদিত ফল নিতে দেশের বিভিন্ন জেলা থেকে মৌসুমী ব্যবসায়ীরা এখন ভিড় করেছেন রাঙামাটির এই বাজারগুলোতে।

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা জানান, রাঙামাটিতে এবার কাঁঠাল, আনারস, আম ও কলার ফলন বেশ ভালো হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এই বছর রাঙামাটির প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর জমি থেকে ৯৫ হাজার টন আম ও কাঁঠালের পাওয়া যাবে। এছাড়াও ১৮০০শো হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। সেখান থেকে ৫৫ হাজার মেট্রিক টন এই রসালো ফল পাওয়ার আশা করছে কৃষি বিভাগ।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.