চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পেলেন এ্যাড. নজরুল


চাঁপাই প্রতিদিন ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ : দেশের ৭টি উপজেলা পরিষদ ও ২২টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ৩টি পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।


এতে আসন্ন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

৭ সেপ্টেম্বর শনিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়। গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাইস চেয়ারম্যান কে পাচ্ছে সেটা পরে জানানো হবে বলে জানা গেছে। এদিকে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকেল ৫টা থেকে আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্ত জানান। চাঁপাইনবাবগঞ্জে এখন বিএনপির কে প্রার্থী হচ্ছে তা সময়েই বলে দেবে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১২ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ২২ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.