দুদিনের কন্যাসন্তানকে গির্জার সামনে রেখে আসলেন বাবা
একের পর এক কন্যা সন্তানের জন্ম দিচ্ছিলেন বিট্টু ও তার স্ত্রী প্রতিভা। চতুর্থ সন্তানটিও হলো এক কন্যাসন্তান। সমাজে এখন নানা কথার মুখোমুখি হতে হবে! আর তাই দুদিনের সেই কন্যাসন্তানকে একটি গির্জার সামনে রেখে দিয়ে আসলেন।
ভারতের কেরলার কোচিতে এ ঘটনা ঘটেছে। তবে সিসিটিভি থাকার কারণে সেই দৃশ্য ধরা পড়ে যায়। সূত্র- আনন্দবাজার।
পুলিশ বলছে, গেল বুধবার ত্রিশূরের একটি সরকারি হাসপাতালে প্রতিভাকে ভর্তি করা হয়। এদিনই পরিবারে নতুন অতিথি আসায় আনন্দের থেকে আশঙ্কাই ঘিরে ধরে এই দম্পতিকে। বাড়ি ফিরলেই বন্ধুবান্ধব, প্রতিবেশীদের কাছ থেকে শুনতে হবে নানা রকম কথা। তাই হাসপাতালে বসেই দুজনে শিশুটিকে কোথাও রেখে আসার সিদ্ধান্ত নেন।
লোকলজ্জার হাত থেকে বাঁচতে তাই হাসপাতাল থেকে সবার নজর এড়িয়ে শুক্রবার রাতে তারা সোজা চলে আসেন এরাপল্লির সেন্ট জর্জ ফোরেন গির্জায়। সে সময় গির্জায় আশপাশটা একদম নির্জন ছিলো। সুযোগও এসে যায়। শিশুটিকে খুব সন্তর্পনে গির্জার সামনে রেখে দেন। তবে ধরা পড়ে গেলেন গির্জার সিসিটিভি ক্যামেরায়।
ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৮টার দিকে শিশুটিকে নিয়ে গির্জার সামনে পৌঁছান বিট্টু ও প্রতিভা। গির্জার সামনে ফুটফুটে কন্যা সন্তানটিকে রাখার আগে কপালে ‘স্নেহভরা’ চুম্বন করেন বিট্টু। এরপর নিঃশব্দে সেখান থেকে সরে পড়েন।
গির্জার নিরাপত্তারক্ষী হঠাৎই শিশুর কান্নার আওয়াজ পেয়ে এগিয়ে আসেন। দেখেই চমকে ওঠেন। একটি সদ্যজাত শিশু কাপড় দিয়ে জড়িয়ে শোয়ানো রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বিট্টু জানান, বারবার কন্যা সন্তানের জন্ম দেয়ায় প্রতিভাকে অনেকেই উপহাস করতেন। বন্ধুবান্ধবরাও কটাক্ষ করতে ছাড়েননি। এসবের হাত থেকে মুক্তি পেতেই তারা এমন সিদ্ধান্ত নেন।
সূত্র: ডেইলি বাংলাদেশ

কোন মন্তব্য নেই