নোংরামি বন্ধেই ডিজিটাল নিরাপত্তা আইন: প্রধানমন্ত্রী
চাঁপাই প্রতিদিন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
সরকারের করা ডিজিটাল নিরাপত্তা আইন সামাজিক
যোগাযোগের মাধ্যমে বিষোদ্গার ও
‘নোংরামির’ বিরুদ্ধে লড়তেও কাজে লাগবে।
বুধবার গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“সাইবার সিকিউরিটি প্রতিটি দেশেই একটি বিরাট সমস্যা
হিসেবে দেখা দিয়েছে। অনেক জায়গায়
সামাজিক, পারিবারিক সমস্যার সৃষ্টি হচ্ছে। নানা ধরনের
ক্রাইম, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং পর্ন- নানা ধরনের ঘটনা
দেখা দিচ্ছে। সেজন্য সকলেই এ ব্যাপারে
প্রচণ্ড উদ্বিগ্ন।”
সংবাদ সম্মেলনের শুরুতেই বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক
ইমরোজ খালিদী ফেইসবুকে বাংলাদেশ জাতীয়
দলের ক্রিকেটার লিটন দাসের সাম্প্রদায়িক
আক্রমণের শিকার হওয়ার প্রসঙ্গ টেনে
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, ক্রিকেটার লিটন দাস দুর্গা পূজার
শুভেচ্ছা জানিয়ে দেবীর ছবিসহ একটি পোস্ট
দেওয়া পর ফেইসবুকে ‘তীব্র সমালোচনা এবং
অশ্লীল গালিগালাজের’ মুখে সেটি প্রত্যাহার
করে নেন।
এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য
প্রধানমন্ত্রী কী পরামর্শ দেবেন- তা জানতে
চান তৌফিক ইমরোজ খালিদী।
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,
“এগুলো মোকাবেলার জন্যই তো আমরা সাইবার
সিকিউরিটি আইনটা পাস করেছি। এটা আপনাদের জানা
দরকার। এই সমস্ত নোংরামি যাতে না হয়, সেটা মাথায়
রেখেই এই সাইবার সিকিউরিটি আইনটা করা
হয়েছে।”
এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের শতরানের
নৈপুণ্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন,
“সেই ছেলেটা যেভাবে খেলেছে, এত
চমৎকার।… মাত্র একটা রান, একটা বল… যেটা
আমাদের দুর্ভাগ্য, তবে আমি বলব যে এত
চমৎকার লেখা তারা খেলতে পেরেছে।
তারপরও তাকে গালি দেওয়ার কি থাকতে পারে আমি
ঠিক বুঝলাম না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান
সম্পাদক বলেন, সমাজে ‘র্যাডিকালাইজেশন’ বা
মৌলবাদী দর্শনের যে বিস্তার ঘটেছে, লিটন
দাসের ঘটনায় তার যে প্রতিফলন দেখা গেছে, তা
ঠেকানোর জন্য সরকারের দীর্ঘমেয়াদী
কোনো পরিকল্পনা আছে কি না।
উত্তরে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ
অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে এবং আমরা
অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি।… হ্যাঁ এটা তো ঠিক
র্যাডিকালিজম তো আছে, একেবারে নাই- তা না।
তবে যারা এই ধরনের কাজ করে তারা আসলে
বিকৃতমনা। এদের কোনো নীতি টিতি নাই।”
এ ধরনের ঘটনা ঠেকাতে সমাজকে আরও
সচেতন করে তোলার এবং সাংবাদিকদের তাতে
অগ্রণী ভূমিকা রাখার ওপর জোর দেন
সরকারপ্রধান।

কোন মন্তব্য নেই