চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে ৬৯ কোটি টাকা ব্যায়ে ৬টি ‘মডেল মসজিদ কমপ্লেক্স’
নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে নির্মাণ হতে যাচ্ছে মডেল মসজিদ কমপ্লেক্স ও সাংস্কৃতিক কেন্দ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের সকল জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ কমপ্লেক্স ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায়ও নির্মিত হবে ৬ টি মসজিদ কমপ্লেক্স।
এসব মসজিদ কমপ্লেক্স ও সাংস্কৃতিক কেন্দ্রে থাকবে ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র, হাজিদের প্রশিক্ষণ কেন্দ্র, মক্তব ও হেফজখানা, ইসলামিক লাইব্রেরি, নারীদের নামাজের ব্যবস্থা, মাল্টিমিডিয়া সমৃদ্ধ সম্মেলন কক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, গাড়ি পার্কিং।
প্রতিটি স্থাপনার জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ প্রায় সাড়ে ১১ কোটি টাকা।
রবিবার জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের উপস্থিতিতে এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ কোর্ট বাগানে অবস্থিত সরকারি গণগ্রন্থাগার এলাকায় জেলা পর্যায়ে মডেল মসজিদটি নির্মাণে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া সদর উপজেলা পর্য়ায়ের মডেল মসজিদটি ডা.আ.আ.ম. মেসবাহুল বাচ্চু স্টেডিয়াম বা বারঘরিয়া এলাকায় নির্মাণ করা হতে পারে বলেও তিনি জানান।
এ জেলায় মসজিদ কমপ্লেক্স ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ অতি শীঘ্রই শুরু হবে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই