শিবগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাদশা (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাতে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত বাদশা জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের রফিকের ছেলে।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাদশা শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার করার সময় ভারতের গোপালনগর ২৪ বিএসএফ ব্যাটালিয়ন সদস্যরা তাকে উদ্দেশ্য করে গুলি করে তাতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সংবাদ লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) নিহতের লাশ কাঁটাতারের বেড়া সংলগ্ন একটি গর্তে পড়ে ছিল। ভারতীয় ভূখণ্ডে বিএসএফ সদস্যদের লাশটি পাহারা দিতে দেখা গেছে।
এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, রাতে দুই রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। এতে বাংলাদেশ ভূখণ্ডে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাওয়া হবে।


কোন মন্তব্য নেই