টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা জব্দ

ছবি সংগৃহীত 

কক্সবাজার টেকনাফে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ কোটি টাকার ইয়াবা জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করেন বিজিবি সদস্যরা।

জব্দ করা ইয়াবার দাম ১২ কোটি ৭২ লাখ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপি’র একটি বিশেষ টহলদল আইয়ুবের জোড়া বরাবর নাফ নদীতে টহল পরিচালনা করছিল। আনুমানিক পৌনে ৮টায় টহলদলের সদস্যরা কয়েকজন ইয়াবা চোরাকারবারিকে নৌকাযোগে কয়েকটি প্লাস্টিকের বস্তা নিয়ে নাফ নদীতে দেখতে পান। চোরাকারবারিরা আইয়ুবের জোড়া এলাকার প্রায় ৩০০ গজ পূর্ব দিক দিয়ে নাফ নদীর কিনারায় ভিড়তে চেষ্টা করছিল। তারা দূর থেকে টহলদলের উপস্থিতি টের পায়। এরপর তারা নদীর কিনারায় বস্তাগুলো ফেলে সাঁতরিয়ে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়।


পরবর্তীতে টহলদল ওই স্থানে পৌঁছে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ৫টি প্লাষ্টিকের বস্তা জব্দ করে। বস্তাগুলোর ভিতর ১২ লাখ ৭২ লাখ টাকা মূল্যমানের ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ করে পরবর্তীতে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.