জয়পুরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় ১০ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে সাবু মিয়া নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালের দিকে শিশু ধর্ষণের ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা হলে বিকালে পুলিশ সাবু মিয়াকে গ্রেপ্তার করে।
সাবু মিয়া লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিংগীমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে, বর্তমানে তারা স্বপরিবারে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে।
ধর্ষিত শিশুটির মা ও বাবার বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান বলেন, সোমবার সকালে ওই শিশুকে ফুসলিয়ে সাবু তার শয়ন কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে সে আহত অবস্থায় শিশুটিকে তাদের বাড়ির পাশে রেখে আসে।
শিশুটির মা-বাবা বাড়ি এসে গুরুতর আহত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেন। পরে অবস্থার অবনতি হলে বিকালে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহামান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে শিশুটির মা জয়পুরহাট সদর থানায় মামলা করেছেন বলেও জানান ওসি।

কোন মন্তব্য নেই