টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি ২ রোহিঙ্গা নিহত । চাঁপাই প্রতিদিন২৪
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি ধারালো কিরিচ উদ্ধার করেছে বিজিবি।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনীস্থ ছ্যুরিখাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়া উপজেলার বালুখালী ১নং রোহিঙ্গা ক্যাম্প এইচ/৩৯ ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহ ছেলে মো. ফেরদৌস (৩০) ও একই ক্যাম্পের এইচ/২০ ব্লকের মৃত সৈয়দ আহমদের ছেলে আব্দুস সালাম (৩৫)।
টেকনাফ ২ নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিওপির সদস্যরা সীমান্তে টহল দেওয়ার সময় ওই এলাকার মোচনীস্থ ছ্যুরিখাল এলাকা দিয়ে রাতের অন্ধকারে মিয়ানমার থেকে কিছু লোক সাতরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় দায়িত্বরত বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়েন তারা। এতে বিজিবি’র তিনজন সদস্য আহত হয়।
পরে কোনো উপায়ন্তর না দেখে আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও পাল্টা গুলি করেন। এভাবে ৪ থেকে ৫মিনিট গুলিবিনিময় হয়। একপর্যায়ে পাচারকারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা (যার বাজারমূল্য ৬ কোটি ৩০ লাখ টাকা, একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ ও একটি ধারালো কিরিচসহ দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরিচয় শনাক্তের পর দ্রুত তাদের চিকিৎসার জন্য টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিজিবির এ কর্মকর্তা জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে বিজিবি। জব্দকৃত ইয়াবা ও অস্ত্র টেকনাফ সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে।


কোন মন্তব্য নেই