যশোরের অভয়নগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২
যশোরের অভয়নগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলা ভূমি অফিস সংলগ্ন যশোর- খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
নওয়াপাড়া হাইওয়ে থানা সূত্র জানায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সংলগ্ন নওয়াপাড়া পীরবাড়ির সামনে খুলনাগামী একটি ট্রাক (ঝিনাইদহ-ট- ১১- ০১৫৬) বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ইজিবাইকের চালক উপজেলার রাজঘাট সাভারপাড়া গ্রামের মনিরুল ইসলাম (৪০), ইজিবাইকের যাত্রী খুলনা ফুলতলা উপজেলার মিজানুর রহমান বিশ্বাস (৬০) মারা যান। আহত অবস্থায় ইজিবাইকের যাত্রী ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের ইনামুলকে (২২) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পলাতক ট্রাক চালক ও হেলপারকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

কোন মন্তব্য নেই