দেশে করোনায় আক্রান্ত ৩২৪ চিকিৎসক, ঢাকায় ২৫৫
দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩২৪ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)। বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, আক্রান্তদের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন বলে নিশ্চিত করেছেন বিডিএফ প্রধান নিরুপম দাস।
তিনি বলেন, ‘দেশের ৬০টি জেলায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন চিকিৎসক। এর মধ্যে ২৫৫ জন ঢাকা বিভাগের। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালের চিকিৎসক ১৬৩ জন, বেসরকারি হাসপাতালের ৭৬ জন এবং অন্যান্য ক্ষেত্রের ২০ জন রয়েছেন।’
ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ২৬ জনের সকলেই সরকারি হাসপাতালের চিকিৎসক। অন্যদিকে, চট্টগ্রামে বিভাগের আক্রান্ত ১২ জনের মধ্যে একজন ছাড়া অন্যরা সরকারি হাসপাতালের। খুলনা বিভাগের সাতজন, বরিশালের আটজন, সিলেটে দুজন এবং রংপুর বিভাগের তিনজন চিকিৎসকের মধ্যে এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

কোন মন্তব্য নেই