গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৩০
আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হিংগুল সরদার মারা যান। এ ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। নিহত হিংগুল সরদার কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের ইরফু সরদারের ছেলে।
এলাকাবাসী ও কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে হারুন-অর-রশিদ মোল্যার সঙ্গে সাইফুল সিকদারের জমা জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ও ৭ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।
মারাত্মক আহত সাইফুল সিকদারের সমর্থক হিংগুলকে প্রথমে গোপালগঞ্জ আড়াই শ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ওসি মো. আজিজুর রহমান ও ৭ পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকী আহতদের গোপালগঞ্জ আড়াই শ শয্যা জেনারেল হাসপাতালে ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উভয় গ্রুপের ১২ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের না করলেও পুলিশের কাজে বাধা দেয়ার কারণে পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই