চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র, বিস্ফোরক ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র, বিস্ফোরক, মাদক উদ্ধারসহ অপরাধিদের ধরতে জেলা পুলিশের চালানো বিশেষ অভিযানে জেলার ৪ উপজেলায় আরো ২২জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ফেন্সিডিল ও ইয়াবা। গত রবিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
সদর থানার অফিসার ইনচার্জ মনজুর রহমান জানান সোমবার পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ২জনকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।
শিবগঞ্জ থানার অফিসার ইন চার্জ সিকদার মো. মশিউর রহমান জানান, শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারি পরোয়ানায় ৫ জন এবং ৩০ পিস ফেন্সিডিলসহ ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইন চার্জ জসিম উদ্দিন জানান, পুলিশের অভিযানে ৩জনকে গ্রেপ্তারি পরোয়নায়, ১জনকে হেরোইন ও ১জনকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক তাজমুল হক জানান, বাংগাবাড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ওই এলাকার ঈমানী মন্ডলের ছেলে আব্দুল মতিনকে কেতাব বাজার এলাকা থেকে ২৪ বোতল ফেন্সিডিলসহ স্থানীয় জনসাধারণ আটক করে গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে।
ভোলাহাট থানার অফিসার ইন চার্জ ফাছির উদ্দিন জানান, গ্রেপ্তারি পরোয়ানায় ২জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক সেবনের দায়ে ১জনকে আটক করে ভাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

কোন মন্তব্য নেই